স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের বাসটার্মিনাল সংলগ্ন চেম্বার অব-কমার্স ভবনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশ নেন শ্রমিক কল্যাণ পরিষদের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক।
সভায় জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মহাসিন এমদাদুল্লাহ জামেনের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ কেন্দ্রীয় সভাপতি এ্যাড. আতিকুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের জন্য শ্রমিকদের অনেক অবদান রয়েছে। এই দেশ, রাষ্ট্র, সরকার, নেতা, এমপি, মন্ত্রীরা আমাদের সেই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে আন্তরিকভাবে ভূমিকা পালন করেছেন। এটা আমরা কখনো দেখিনি। যার জন্য সবার ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তাই আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করা উচিত। আতিকুর রহমান আরও বলেন, ২০২৩ সালে শিল্পখাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরী সাড়ে ১২ হাজার টাকা করা হয়। কিন্তু এই টাকা দিয়ে একটি পরিবার কিভাবে চলবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের সাথে বৈষম্যহীন আচরণ করতে হবে। শ্রমিকদের অসম্মান করা যাবে না। তাদের সম্মান করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরী, চিকিৎসা সেবা, শ্রম আইন বাস্তবায়নসহ সরকারের উপর গুরুত্বারোপ করার আহ্বান জানাছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. রুহুল আমিন(এমপি), সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (এমপি) ও ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল প্রমুখ।
চুয়াডাঙ্গা-মেহেরপুর জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান



