স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি পুর্নবাসনের সহায়তায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। গতকাল রবিবার বেলা ১১টায় সদর উপজেলা চত্ত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের চারা তুলে দেন তিনি।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুর্নবাসন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা জন্য ১ হাজার ৫০ জনকে ৫টি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলজ এবং ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ২৫ কেজি জৈবসার ও বাঁশের খুটি দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলায় এ অর্থবছরে বিভিন্ন জাতের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়।
গাছের চারা বিতরণের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। এর আওতায় আমাদের আজকে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে তিনটি প্যাকেজে আমরা চারা বিতরণ করছি। এখানে সব ধরনের চারা আছে। ফলজ, ঔষধি, কাঠ জাতীয় বৃক্ষ। শুধু গাছের চারা দেয়া হচ্ছে না, চারার পাশাপাশি এখানে খুঁটি ও ৩০ কেজি করে জৈব সারও দেওয়া হচ্ছে। যারা আজকে এই গাছ, গাছের চারাগুলো পাচ্ছেন। আমি তাদেরকে অনুরোধ করব গাছ লাগানো থেকে, গাছকে রক্ষণাবেক্ষণ করা, তাকে বড় করে তোলাটা আরও বেশি আমাদের জন্য চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী যে একটা সবুজের উদ্যোগ নিয়েছে এটিকে আমরা অবহেলা করে শুধু লাগিয়ে রাখছি বা গরু ছাগলে খেয়ে যাচ্ছে এরকম যেন না হয়।
আপনারা সকলেই এই চারাগুলো নিয়ে যত্ন করে লাগাবেন এবং এমন সময় লাগাবেন যখন গাছটা লাগালে বাঁচে। সাধারণত খুব সকালে অথবা সন্ধ্যার দিকে লাগালে এটি ভালো হয়। আর আপনারা এটার নিয়মিত রক্ষণাবেক্ষণ করবেন এবং সবাই এর ডকুমেন্টেশন রাখবেন অর্থাৎ ছবি তুলে রাখবেন। আপনি লাগাচ্ছেন, কীভাবে বেড়ে উঠছে। তিনি আরোও বলেন, গাছ কিন্তু অনেকটা নিজের শিশুর মতো। একটা শিশুকে বেড়ে উঠতে দেখতে আমরা যেরকম আনন্দ পাই, এই গাছটাও কিন্তু সেরকম বেড়ে উঠবে, আপনার একটা সম্পদ হবে, আমাদেরও সুনাম হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা চাই যে চুয়াডাঙ্গায় আসলে শীতের সময় প্রচুর শীত এবং গরমের সময় প্রচুর গরম পড়ে, এই গাছ লাগালে এবং বেড়ে উঠতে সাহায্য করলে আমরা কিন্তু এটির থেকে সুফল পাবো এবং আশা করি আমরা যে একটা চরম ভাবাপন্ন আবহাওয়া এখানে, এটি থেকে আস্তে আস্তে চুয়াডাঙ্গা একটু ইমপ্রুভ করবে।
চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিল্লা ইউনিয়ন পরিষদ সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।



