দামুড়হুদা অফিস
দামুড়হুদায় ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রেহানা কুল, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সদস্য সহকারী অধ্যাপক ইব্রাহিম হোসেন এবং দামুড়হুদা পাইলট গার্লস অ্যান্ড কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রভাষক আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, পরীক্ষা অবশ্যই স্বচ্ছ, সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় পরীক্ষা পরিচালনা, কেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ, পরীক্ষার্থীদের প্রবেশ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দামুড়হুদায় এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



