মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে মাদ্রাসার পাশের পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রামীম গাংনী পৌর এলাকার র্যাব ক্যাম্পপাড়ার সিঙ্গাপুর প্রবাসী রুহুল আমিনের ছেলে ও স্থানীয় তালিমুল কুরআন ইসলামিয়া একাডেমির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট পড়ার নির্ধারিত সময়ের আগেই রামীম বন্ধুদের সঙ্গে পড়ার স্থানে যায়। পরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত মাদ্রাসার পাশের পুকুরে পড়ে যায়। তার বন্ধুদের তৎপরতায় খবর পেয়ে স্থানীয়রা পুকুরে নেমে রামীমকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসমেরী খাইরুন্নাহার খানম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু



