স্টাফ রিপোর্টার
‘নতুন কুড়ি স্পোর্টস,-২০২৬’ এ বালক-বালিকা ক্রিকেটে খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গার জেলার ক্রিকেটারা বড় সাফল্য অর্জন করেছে। কিছুদিন আগে শেষ হওয়া খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় বালক-বালিকা ক্রিকেটের দু-বিভাগে ১২ ক্রিকেটার খুলনা বিভাগীয় দলের বাছাই ক্যাম্পিংয়ে মনোনীত হয়েছে।
আজ সোমবার সকাল ৯ টায় খুলনা জেলা স্টেডিয়ামে চুয়াডাঙ্গার এ ১২ ক্রিকেটার বাছাই ক্যাম্পিংয়ে যোগদান করবেন বলে জানা গেছে। যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগীয় টিমের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবে। ১২ ক্রিকেটারের মধ্যে বালিকা বিভাগে চুয়াডাঙ্গা জেলার বন্যা, মীম আক্তার, রাবেয়া, নুসরাত, সাদিয়া ও অরনী বিভাগীয় সিলেক্টরদের বিচারে মনোনীত হয়েছে। একই সাথে বালক বিভাগ খুলনা বিভাগীয় বিচারকদের নজর কেড়েছে চুয়াডাঙ্গা বালক ক্রিকেট দলের সাদি মল্লিক, সামিউ, তৌহিদুল, শিমুল হোসাইন, মাহামাদুল হাসান সিফাত ও সিয়াম হোসাইন।
চুয়াডাঙ্গা জেলা বালিকা ক্রিকেট দলের কোচ- ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন রিমন মন্ডল ও রিপা শাহারিয়ার। বালক ক্রিকেট দলের কোচ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার জিহাদী জুলফিকার টুটুল ও জুয়েল মাহমুদ।
দু-বিভাগের কোচ ম্যানেজারগণ চুয়াডাঙ্গা জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন যেন তারা খুলনা বিভাগীয় টিমের চূড়ান্ত মনোনয়ন পেয়ে নতুনকুড়ি স্পোর্টস ২০২৬ এ জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে পারে। চুয়াডাঙ্গা বালক-বালিকা ক্রিকেট টিমের সার্বিক সাফল্য কামনা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
নতুন কুড়ি স্পোর্টসে বালক-বালিকা ক্রিকেটে খুলনা বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গার ১২ ক্রিকেটার মনোনীত



