আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলের এম.পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে  ১৬ দলের এম.পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় আলমডাঙ্গা পৌরসভার সংলগ্ন এটিএম মাঠে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন  প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সভাপতি শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণদের প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামাতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসাইন,  আলমডাঙ্গা উপজেলা জামায়াতের  আমির শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মায়ের আলী, আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া  সংগঠক শরিফুল ইসলাম, মিজানুল হক মিজানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রভাষক সাহিন শাহেদ।  ফুটবল  টুর্নামেন্টের প্রথম দিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কালিদাসপুর ইউনিয়ন একাদশ  ও জেহালা ইউনিয়ন একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয় কালিদাসপুর ইউনিয়ন তারা আধিপত্য বজায় রেখে তারা জেহালা ইউনিয়নকে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে। ধারা বর্ণনায় ছিলেন এবি সিদ্দিক ও জাফরউল্লাহ সরফরাজ। রেফারি দায়িত্বে ছিলেন সোহাগ আলী, জাহিদ আলী ও সলক আলী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।