মেহেরপুর অফিস
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মেহেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে| গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়| সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ| এছাড়াও বিশেষ অতিতি ছিলেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুস সাত্তার এবং পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন|
কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার| তিনি শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন|
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ| সমাজে যা কিছুই ঘটে গণমাধ্যম কর্মীদের চোখ দিয়েই আমরা তা দেখি| সমাজ ও দেশের মানুষের কাছে একটি তথ্য ছড়িয়ে দিতে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ| তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা জেলার প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে এবং ক্যাম্পেইনটি সফল করতে গণমাধ্যমকর্মীদের প্রচার-প্রচারণা চালানোর জন্য বিশেষভাবে আহবান জানান|
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে| এবারের ক্যাম্পেইনে মেহেরপুর জেলার মোট ৪৭৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে| এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে|
উক্ত অবহিতকরণ সভায় মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি দিলরুবা খাতুনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত



