দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে| শুক্রবার বিকাল চারটার দিকে দামুড়হুদা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়|
দামুড়হুদা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোবাইল কোর্টে উপজেলার লক্ষীপুর গ্রামের কমল ফকির এবং গোপালপুর গ্রামের রবিন ইসলামকে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করা হয়| পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ ন¤^র ক্রমিক অনুযায়ী তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়|
মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম| এ সময় দামুড়হুদা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে| প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে| মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে|
স্থানীয় এলাকাবাসি জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে| যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে| তাদের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ|
দামুড়হুদায় মোবাইল কোর্টে দুই মাদকসেবীর দুই বছরের কারাদণ্ড



