আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের কামারপাড়ার বাসিন্দা হৃদয় হোসেন (২৩) তার বিরুদ্ধে আনা অর্থ চুরির অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে হৃদয় হোসেন বলেন, গত ৫ মে ভাংবাড়ীয়া মিলপাড়ার বাসিন্দা মকবুল হোসেনের প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সম্পূর্ণ সন্দেহের ভিত্তিতে অভিযোগ তোলা হয়। তবে ওই ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে গড়ালে তাকে ও তার পরিবারের সদস্যদের সেখানে ডাকা হয়। এ সময় তাদের নিজেদের বক্তব্য সঠিকভাবে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
হৃদয় হোসেনের দাবি, পরবর্তীতে একটি সমঝোতা প্রক্রিয়ার সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং ৭০ হাজার টাকা পরিশোধের বিষয়ে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। স্বাভাবিক বা স্বেচ্ছায় নয়, বরং চাপের মুখে ওই স্বাক্ষর নেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন সাধারণ যুবক। যদি আমি দোষী হই, তাহলে আইন অনুযায়ী আমার বিচার হোক। আর যদি নির্দোষ হই, তাহলে আমাকে হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কর্তৃপক্ষের কাছে পুরো ঘটনার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
অর্থ চুরির অভিযোগ মিথ্যা দাবি করে ভাংবাড়িয়ার হৃদয়ের সংবাদ সম্মেলন



