মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরাপুর বাজার এলাকায় চাষীদের কাছে সার না দিয়ে গোপনে ব্যবসায়ীদের কাছে বিক্রিকালে ৪০ বস্তা সার আটকে দেয় এলাকাবাসী। সার পাচারের অপচেষ্টার অভিযোগে দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ফয়সাল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ভরা মৌসূমেই সরকারি নায্য মূল্যে সার পাচ্ছেন না কৃষকরা। ডিলারদের কাছে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আজ দুপুরে ফয়সাল টেড্রার্সের গুদাম থেকে গাড়ী ভর্তি করে ২০ বস্তা টিএসপি এবং ২০ বস্তা ইউরিয়া সার পাচার করা হচ্ছিল। এমন অভিযোগে সার ভর্তি গাড়ী আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সার পাচারের দায়ে ফয়সাল ট্রেডার্সের মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা জানান, স্থানীয়দের জব্দকৃত ৪০ বস্তা সার ডিলারের গুদামে ফেরত দেওয়া হয়েছে। যা কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
মুজিবনগরে বিসিআইসি সার ডিলারকে জরিমানা



