পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় জুয়াবিরোধী বিশেষ অভিযানে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশনায় এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া ঈদগাপাড়া এলাকার সোহাগের চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা ও তাসসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কমল আলী (৩৫), সাবদার আলী (৩৪), লালু (৩৬), রিপন আলী (৩৩) এবং সোহাগ হোসেন (২৯)। অভিযানে এএসআই সদরুল আলম, এএসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এ অভিযানের প্রশংসা করেছেন। তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
সরোজগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক



