স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার সুবদিয়ায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মো. হযরত আলী (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হযরত আলী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযানে নামে।
অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা টু ঝিনাইদহগামী মহাসড়কের পাশে সুবদিয়া গ্রামের রবি মোবাইল টাওয়ারের সামনে মাদক কেনাবেচা বা পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার ওপর থেকে হযরত আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাঁধে থাকা কফি রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গার সুবদিয়া পুলিশের অভিযানে ট্রাভেল ব্যাগ ভর্তি ১৬ কেজি গাঁজাসহ মাদককারবারী হযরত আলী আটক



