স্টাফ রিপোর্টার
সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষক নির্বাচনকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চুয়াডাঙ্গা সদর উপজেলায় উন্মুক্ত লটারির মাধ্যমে ২৩৬ জন কৃষককে মনোনীত করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ লটারিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকেরা অংশ নেন। খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত লটারি কার্যক্রমে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে বোরো ধান সংগ্রহের জন্য সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ২ হাজার ৯৭৭ জন কৃষক আবেদন করেন। সেখান থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৩৬ জন কৃষককে নির্বাচিত করা হয়। লটারির ফলাফলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১০৩ জন আবেদনকারীর মধ্যে ১০ জন, আলুকদিয়া ইউনিয়নের ১২৫ জনের মধ্যে ১৪ জন, মোমিনপুর ইউনিয়নের ২২ জনের মধ্যে ১৯ জন, পদ্মবিলা ইউনিয়নের ১২৬ জনের মধ্যে ১৮ জন, শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ হাজার ৯৫ জনের মধ্যে ২৩ জন, মাখালডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ১১ জনের মধ্যে ২২ জন, কুতুবপুর ইউনিয়নের ২৩৩ জনের মধ্যে ৪৮ জন, গড়াইটুপি ইউনিয়নের ১০৭ জনের মধ্যে ২৭ জন, তিতুদহ ইউনিয়নের ৭০ জনের মধ্যে ১৯ জন, বেগমপুর ইউনিয়নের ৭৩ জনের মধ্যে ২৪ জন এবং নেহালপুর ইউনিয়নের ১২ জন আবেদনকারীর সবাই নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান আলী জানান, নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ টন করে ধান সরকারি খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। ২৩৬ জন কৃষকের কাছ থেকে ৭০৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষক ৩ টন ধানের মূল্য পাবেন ১ লাখ ৮ হাজার টাকা। তবে ০.৫ ভাগ সরকারি ভ্যাট বাদে নিট ধানের মূল্য পাবেন ১ লাখ ৭ হাজার ৪৬০ টাকা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও তিথি মিত্র বলেন, বোরো ধান সংগ্রহ কার্যক্রমে কৃষক নির্বাচন যেন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। এ কারণে সাংবাদিক, কৃষক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে প্রকাশ্যভাবে লটারির কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নের আবেদনকারীর সংখ্যা সবার সামনে উপস্থাপন করা হয়েছে এবং উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে। যার নাম নির্বাচিত হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও ঘোষণা করা হয়েছে। নির্বাচিত কৃষকদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন পরবর্তী নিয়মতান্ত্রিক প্রক্রিয়াগুলো যথাসময়ে সম্পন্ন করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত ২৯৭৭ জন কৃষকের মধ্যে ২৩৬ জনকে নির্বাচিত, ধান ক্রয় করা হবে ৭০৮ মেট্রিক টন



