আলমডাঙ্গা অফিস
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তানজিম হাসান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম হাসান লক্ষীপুর গ্রামের ওমর মালিথার একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ভুট্টা কিনতে দিনাজপুরে গিয়েছিলেন তিনি। সেখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানজিম হাসানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। তিনি স্ত্রী, সাড়ে তিন বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, একমাত্র সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লক্ষীপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। তবে এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মরহুমের লাশ ময়না তদন্তর শেষে নিজ গ্রাম লক্ষীপুর এলে আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বাদ এশা জানাজা শেষে লক্ষ্মীপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গার যুবক নিহত



