ঝিনাইদহের আদালতকে জাতীয়তাবাদী আদালত আখ্যা! বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এনসিপি নেতা তারেক রেজার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী আদালত রাখার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।  একই সঙ্গে তিনি আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, জেলায় রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার নিশ্চিত হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলিজোন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তারেক রেজা দাবি করেন, ঝিনাইদহে জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাব ছাড়া কোনো মামলার বিচার হচ্ছে না। তার অভিযোগ, বিভিন্ন মামলার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে এবং বিচারিক প্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে না। তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই অনেক ক্ষেত্রে বিচারিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, গত ২২ মে ঝিনাইদহ কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী-এর ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পর পাল্টাপাল্টি মামলায় দলের স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাদের দাবি, কয়েকজন নেতা-কর্মীকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে এনসিপির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।