গাংনীতে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত-৩, আহত-২

মেহেরপুর অফিস
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত হয় মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২) এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের মাহিমের শিশুকণ্যা আফরিন খাতুন(৪) ও মাহিমের ভাগ্নে যশোর ঝিকরগাছার সজিবউদ্দীনের ছেলে আকবর হোসেন (১০)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল বৃহষ্পতিবার  দুপুরে  মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রাম থেকে যাত্রী নিয়ে গাংনী উপজেলার বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিশু আফরিন এবং আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ওমর ফারুক আরিফুলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় শিশু আফরিন খাতুন ও তার ফুপাতো ভাই আকবর হোসেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক, ইজিবাইক ও নিহত আরিফুলের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।