স্টাফ রিপোর্টার
: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিশারিজ (Fisheries) বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ছাত্র সেলিম সাদমান সাদাত অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ৪ জুন, ২০২৬ তারিখে প্রকাশিত অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত ফলাফলে তিনি অভূতপূর্ব জিপিএ অর্জন করে বিভাগে শীর্ষস্থান অধিকার করেছেন।
অমর একুশে হলের আবাসিক এই শিক্ষার্থী অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় ৪.০০-এর মধ্যে নিখুঁত ৪.০০ জিপিএ (GPA) অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের রেজাল্ট আর্কাইভের তথ্য অনুযায়ী, সেলিম সাদমান সাদাত পুরো স্নাতক (অনার্স) জুড়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত ফলাফল বজায় রেখেছেন। তাঁর ৪ বছরের একাডেমিক ফলাফলের বিবরণীতে দেখা যায়, ১ম বর্ষ জিপিএ ৩.৯৬, ২য় বর্ষ জিপিএ ৩.৯৮, ৩য় বর্ষ জিপিএ ৩.৯৯ এবং ৪র্থ বর্ষ জিপিএ ৪.০০।
চার বছরের এই ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাঁর সর্বমোট সিজিপিএ (CGPA) দাঁড়িয়েছে ৩.৯৮ (৪.০০ এর মধ্যে)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই পরীক্ষাটি মূলত ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত পরীক্ষা হলেও তা অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। সেলিম সাদমান সাদাতের এই চোখধাঁধানো সাফল্যে তাঁর পরিবার, ফিশারিজ বিভাগ এবং অমর একুশে হলের শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বইছে। বিভাগের শিক্ষকেরা আশা প্রকাশ করেছেন যে, ফিশারিজ খাতের গবেষণা ও উন্নয়নে ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ারের বাসিন্দা কানুনগো আতিকুল হকের কনিষ্ঠ পুত্র সাদাত শিক্ষা জীবনে বরাবরই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রেকর্ড এই ফলাফল শুধু ফিশারিজ বিভাগের নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গারও কোন শিক্ষার্থীর এমন ফলাফলের খবর পাওয়া যায়নি। সাদাতের এই সাফল্যে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।



