খেজুরার অসহায় আব্দুস সালামের পাশে দাঁড়ানোর আহ্বান

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের দরিদ্র দিনমজুর বল্টু শেখের ছেলে আব্দুস সালাম গুরুতর শিরাজনিত (রক্তনালির) সমস্যায় ভুগছেন। তার স্বাভাবিক জীবন ফিরে পেতে জরুরি ভিত্তিতে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে ব্যয়বহুল এ চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।
স্থানীয়ভাবে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কয়েকটি সংগঠনের সহযোগিতায় একটি তহবিল গঠন করা হয়েছে। ডিঙ্গেদহ-খেজুরা ঈদের দুই জামাত, শংকরচন্দ্র ঈদের জামাত, খেজুরা গ্রামের চাকরিজীবী ব্যক্তিবর্গ এবং এলাকার শুভাকাঙ্ক্ষীদের অনুদানে মোট ৪৯ হাজার ৮৯১ টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থ সম্প্রতি রোগীর পরিবারের হাতে তুলে দিয়েছে ‘খেজুরা আলোর দিশারী’ সংস্থা। পরিবারের সদস্যরা জানান, আল্লাহর ওপর ভরসা করে উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আব্দুস সালামের প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। ইতোমধ্যে কিছু অর্থ সংগ্রহ হলেও প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় তা এখনও অনেক কম।
সংশ্লিষ্টরা জানান, চিকিৎসা সহায়তার জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম এখনো চলমান রয়েছে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং একজন যুবককে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন। আব্দুস সালামের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানো যাবে নিচের বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৮৮১-১৬০৬৩২

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।