আলমডাঙ্গা অফিস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে জরুরি সাধারণ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেহালা ইউনিয়ন শাখা। সভায় চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে জেহালা ইউনিয়নে দলটির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেহালা ইউনিয়ন শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। জেহালা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
তিনি বলেন, জনগণের কল্যাণ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামী দিনে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা, উপজেলা নায়েবে আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী মাস্টার এবং জেহালা ইউনিয়ন শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল।
সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে জেহালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ আব্দুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সভায় জানানো হয়, এর আগে ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবিরকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় নতুন প্রার্থী মনোনয়নের লক্ষ্যে এ জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের নামও ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন— দেলোয়ার হোসেন, আল-আমিন, খোকন আলী, মিলন খান, মনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, আরিফুল হক এবং ফজলুর রহমান মধু।
সভা শেষে নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেহালায় জামায়াতের জরুরি সাধারণ সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা



