আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকায় জনভোগান্তি কমাতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে আলমডাঙ্গা পৌরসভার হাইরোড ও আলিফউদ্দিন রোড এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
অভিযানকালে বিভিন্ন ফাস্টফুড, কনফেকশনারি ও রেস্তোরাঁ পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা এবং কুটুমবাড়ি মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং নিরাপদ খাদ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে দুই মিষ্টির দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা



