আলমডাঙ্গায় নির্মাণাধীন মসজিদের উন্নয়নে সহায়তার হাত বাড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম দক্ষিণপাড়া এলাকায় নির্মাণাধীন জামে মসজিদের অবকাঠামো উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম গতিশীল করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহা. হাসিবুল হক লিপু।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি মসজিদের জন্য একটি উন্নতমানের আধুনিক মাইক ও সাউন্ড সিস্টেম উপহার দেন। একই সঙ্গে আগামী এক বছরের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাসিক সম্মানী প্রদানের দায়িত্ব গ্রহণ করেন এবং চলমান নির্মাণকাজ সম্পন্ন করতে ব্যক্তিগত তহবিল থেকে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।
তার এ উদ্যোগে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। জানা যায়, আনন্দধাম দক্ষিণপাড়ার জামে মসজিদের নির্মাণকাজ তহবিল সংকটের কারণে ধীরগতিতে চলছিল। বিষয়টি জানতে পেরে হাসিবুল হক লিপু সরেজমিনে মসজিদ পরিদর্শন করেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
মসজিদ কমিটির সভাপতি ফিরোজ আলী বলেন, অর্থসংকটের কারণে মসজিদের কাজ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। ইমাম ও মুয়াজ্জিনের সম্মানী নিয়েও আমরা উদ্বিগ্ন ছিলাম। এমন সময়ে হাসিবুল হক লিপুর সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
এ বিষয়ে হাসিবুল হক লিপু বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর ঘর নির্মাণের কাজে শরিক হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। নির্বাচন বড় বিষয় নয়, জনগণের পাশে থাকা এবং এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। মসজিদের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ খাইরুল আলম মাসুম, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ডে হাসিবুল হক লিপু দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছেন। তার এ উদ্যোগ মসজিদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।