হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদও উপজেলার বেগমপুর ইউনিয়নে যদুপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে বিশিষ্ট ইসলামী বক্তা ও জামায়াত নেতা ক্বারী শাফায়াত উল্লাহ(৩৭) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ক্বারী শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়নে যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে যদুপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন শাফায়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। যন্ত্রণায় ঘুম ভেঙে গেলে তিনি বিছানার পাশে সাপটি দেখতে পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরিবারে সদস্যরা দ্রুত তাকে রাত প্রায় ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ আছর
বেগমপুর হাইস্কুল মাঠে মরহুমের নামাজা জানাযা অনুষ্ঠিত হয়। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
চুয়াডাঙ্গার যদুপুরে সাপের কামড়ে জামায়াত নেতা ক্বারী শাফায়াত উল্লাহর মৃত্যু, বিভিন্ন মহলে শোক



