ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত ৩টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার রিপন আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।



