নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের কামরির বিল ও আশ পাশের শত শত বিঘা আবাদী জমির ক্ষেত গত কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে নিমজ্জিত হয়েছে । বিশেষ করে চলতি মৌসুমের ভূট্রার চরম ক্ষতির মুখে পড়েছে। কিছু কিছু ভুট্টা এখনো পানির নিচে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে সাধারণ চাষীরা। অপরদিকে ওইসব জমির পানি বের হবার একমাত্র যে খাল রয়েছে তা খনন না করার কারনে এমন অবস্থা হয়েছে। খাল খনন না করা ও খালে ছোট ছোট বাঁধের কারনে পানি নিষ্কাশন ব্যবস্থা চরম ভাবে ব্যাহত হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ খাল খননের জন্য কাজ শুরু হবার কথা থাকলেও তা করা হচ্ছে না ।
স্থানীয় কৃষকরা জানায়, গড়াইটুপি ইউনিয়ন গহেরপুর, গবরগাড়া বিত্তিরদাড়ি ও গড়াইটুপি মৌজার শত শত বিঘা আবাদী জমির ক্ষেত গত দুই দিনের বৃষ্টিতে পানির নিচে নিমজ্জিত হয়েছে। এতে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছে সাধারণ চাষীরা। বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র খালটি খননের কাজ না হবার কারনে এবং খালে ছোট ছোট মাছ শিকারের জন্য বাঁধ দেয়ার কারনে পানির স্বাভাবিক পথ গতিরোধ হচ্ছে। যার কারনে কৃষি জমি থেকে পানি নামছে না। পানির স্বাভাবিক পথ গতিরোধ হয়ে উল্টো পানি ঢুকছে।
এদিকে , গড়াইটুপি টু বিত্তিরদাড়ি খাল খননের কাজ শুরুর কথা থাকলেও তা শুরু করা হয়নি। চিত্রা নদী খনন না করে খাল খনন করলে নদীর পানি খালে প্রবেশ করবে। স্থানীয় গহেরপুর গ্রামের চাষী আরিফুল ইসলাম বলেন, আমার কামরির বিলে প্রায় ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে সব পানির নিচে রয়েছে। পাশে বিত্তিরদাড়ির যে খাল রয়েছে খালটি খনন করা হলে জমি থেকে পানি সরে যেতো। এর আগে ২০১৭-১৮ অর্থ বছরে এই খালটি সর্বশেষ খনন করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর খালটি পলি জমে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হচ্ছে। তাছাড়া ওই খালে মাছ ধরার জন্য কিছু ব্যক্তি বাঁধ দিয়েছে যার কারনে পানি নদীতে যাচ্ছে না। এই খাল দিয়ে আশপাশের কয়েকটি মাঠের পানি বের হয়। কিন্তু বর্তমানে খাল খননের অভাবে পানি বের হচ্ছে না ।
আলম হোসেন নামের অপর এক চাষী বলেন আমার মাঠে ২৫/৩০ বিঘা চাষাবাদ রয়েছে। সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারনে ফসলের চরম ক্ষতি হবে। আমরা চাই দ্রুত খালটি খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। নজরুল ইসলাম নামের একজন জানান, অনেক কষ্ট করে অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি। জমিতে ফসল তৈরি না করতে পারলে আমরা চরম ক্ষতিগ্রস্থ হবো। আমাদের জমিতে পানি জমে থাকার কারনে কোন চাষাবাদ ভালো করে করতে পারিনা। আমরা এই সমস্যার অতিদ্রুত সমাধান চাই। কৃষকদের এ দুর্দশার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সাধারণ চাষীরা।



