আলমডাঙ্গা অফিসঃ
চুয়াডাঙ্গার মাধবপুর মডেল হাই স্কুলের মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থী ও এলাকার তরুণরা খেলাধুলা করে আসছিলেন| তবে সম্প্রতি স্কুল মাঠের চারপাশে তারকাঁটার বেড়া নির্মাণ করে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে|
স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক আশরাফ জাহান মাঠে খেলাধুলা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন| এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণরাও হতাশা প্রকাশ করেছেন|
স্কুলে লাগানো ফুলের টব, মোটরের পাইপ, পানির ট্যাংকিসহ বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটেছে এমন অভিযোগ তুলে প্রধান শিক্ষক মাঠে বহিরাগতদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেন| যদিও মাঠে খেলতে আসা শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, ঘেরার কাজ চলাকালে প্রধান শিক্ষক তাদের সাময়িকভাবে খেলাধুলা বন্ধ রাখতে বলেছিলেন| কিন্তু ঘেরা সম্পন্ন হওয়ার পর তিনি স্থায়ীভাবে মাঠে খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করেন| এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা উপায়ান্তর না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন| অভিযোগের পর থেকেই প্রধান শিক্ষক আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা| সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তার কয়েকজন সাবেক শিক্ষার্থীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন|
এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক আশরাফ জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি| অনেকেই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা যায়|



