মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে এসব বস্তু উদ্ধার করে।
উদ্ধার হওয়া স্থানগুলো হলো- পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ককটেল সাদৃশ বস্তু পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে শহরের চারটি স্থানে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। কালো কস্টেপ দিয়ে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগের ভেতরে বস্তুগুলো রাখা ছিল।

তিনি আরো জানান, পুলিশের কাছে খবর আসে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট ও কমিউনিটি সেন্টারের সামনে শপিং টিস্যু ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঐ স্থানগুলোতে অভিযান চালায়। চারটি স্থান থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।