স্টাফ রিপোর্টার
ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা ও অপপ্রচারের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চেয়ারম্যান আসোসিয়েশন হলে এক লিখিত প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরে ছাত্রদল সভাপতি শাহাজান আলী বলেন, গত কয়েকদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ফেইক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি ব্যবহার করে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে কিছু ফেসবুক আইডির নাম সহ সদর থানায় জিডি করা হয়েছে।
এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্য করার পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চলছে। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ অবস্থায় তিনি সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান জেলা ছাত্রদল সভাপতি শাহাজান খান।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে যেসব ফেসবুক আইডি ও পেজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগ তোলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- বিএনপি সমর্থক গোষ্ঠী, চুয়াডাঙ্গা প্রবাসী, জনগণের কথা ও চুয়াডাঙ্গা বিএনপি মিডিয়া সেল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন ও মাসুদ রানা মুক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, সমাজসেবা সম্পাদক আব্দুল লতিফ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, প্রচার সম্পাদক আতিকুল হক নেওয়াজ, সদস্য তৌফিক লাম, পৌর ছাত্রদল নেতা বিশাল আহমেদ, তুহিন হোসেন, মাহফুজ খান, তৌহিদ হোসেন, আদনান সাদিকসহ নেতৃবৃন্দরা।
ফেসবুকে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন



