স্টাফ রিপোর্টার
জীবননগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত তদারকিমূলক অভিযানে একটি নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। অভিযান চলাকালে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় জীবননগর বাজারে অবস্থিত মনোয়ারা খাতুনের মালিকানাধীন মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে।
জীবননগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানমনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে জরিমানা



