আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম সমাজে নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তিনি শিক্ষক ও কেয়ারটেকারদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল এবং সেক্রেটারি মামুন রেজা। এ সময় উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন ২১৭ জন শিক্ষক সভায় অংশগ্রহণ করেন। সভায় শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলমডাঙ্গায় মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত



