ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ-২ আসনের ১০নং হরিসংকরপুর ইউনিয়নে কর্মী সমাবেশ ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার আমির ড. হাবিবুর রহমান এবং জেলা সহ-সেক্রেটারি কাজী ছগির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং হরিসংকরপুর ইউনিয়নের মোঃ কামাল হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর বলেন, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে এই স্লোগান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, ঝিনাইদহ সদর উপজেলায় এখনো প্রায় ১১৩৮ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যা পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপির হাতকে শক্তিশালী করতে হবে।
সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০নং হরিসংকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কামাল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়। পরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও এমপি আলী আজমকে সংবর্ধনা



