স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগ মাসব্যাপি অভিযান ৫৭৯ টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় ২৮ লাখ সাড়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চুয়াডাঙ্গা জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক বিভাগ বিভিন্ন সড়কে নিয়মিত অভিযান চালাচ্ছে। সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন প্রতিপালন নিশ্চিত করতে চলমান চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। এপ্রিল মাসজুড়ে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন: ৫৩টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ৩৩৯টি, হেলমেটবিহীন ও অন্যান্য অপরাধ ১৬৪টি ও অযান্ত্রিক যানবাহন ২৩টি। এসব গাড়ির মামলা দিয়ে জরিমানা আদায় করা হয় ২৮ লাখ সাড়ে ৩৫ হাজার টাকা। এছাড়াও সড়ক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যার মাধ্যমে ৫০ জন মোটরসাইকেল চালককে সচেতন করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “অদক্ষ চালকরাই অধিকাংশ দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের কারণে পুরো পরিবারকে চরম মূল্য দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।” তিনি এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
চুয়াডাঙ্গায় ট্রাফিক বিভাগের মাসব্যাপি অভিযান ৫৭৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জরিমানা আদায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা



