স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কান্তপুর মোড়স্থ সুলতান স্টোরের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্দেহভাজন সেলিম রেজা (৩৯)-এর দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির বাম কোচে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেটের সংখ্যা ৪৫টি। মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ শত টাকা বলে জানা গেছে। গ্রেফতারকৃত সেলিম রেজা আলমডাঙ্গা উপজেলার কান্তপুর গ্রামের মঈনুল হকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার



