আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, অপরাধ দমন ও জননিরাপত্তা জোরদারের আহ্বান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রমকে আরও কার্যকর করা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, উপজেলা নির্বাহী প্রকৌশলী তাওহীদ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলামসহ অনেকে।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানে অশ্লীলতা ও অপসংস্কৃতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন একা নয় সকল দপ্তর ও জনগণের সম্মিলিত উদ্যোগেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।