স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ভাড়া বাড়িতে একায় থাকতেন ওই তরুণী।
জানা যায়, নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলার কাঠি গ্রামের আনিসুর রহমানের কন্যা। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন। রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি শেখপাড়াস্থ ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, প্রায় বছর খানেক যাবত আমার দোকানে কর্মরত ছিল। গত কয়েকদিন আগেই শেখপাড়ায় ভাড়া বাড়িতে উঠে। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
বাড়ির মালিক বলেন, এক শিশু অহনাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর আমাদেরকে জানায়। পরে আমরাও জানালা দিয়ে দেখি তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে সে আত্নহত্যা করেছে বলে মনে হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
চুয়াডাঙ্গার শেখ পাড়ার ভাড়া বাসা থেকে অহনা নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার



