মুজিবনগরে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগরে নাসিম রেজা (২৩) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার রামনগর নাইট স্কুল পাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাসিম রেজা একই এলাকার তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এমন ঘটনা ঘটেছে, যা তাদের হতবাক করে দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খাওয়া-দাওয়া শেষে নাসিম অন্য পাড়া থেকে বাড়ি ফিরে মাঠে যাওয়ার কথা বলে একটি রশি খুঁজতে থাকেন। পরে রশি নিয়ে পরিবারের অগোচরে নিজ কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ ও ভেতরে লাইট জ্বালানো দেখতে পান। তিনি নাসিমকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।