চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মাইক্রোবাস উদ্ধার, মালিকের নিকট হস্তান্তর

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে  চুরি যাওয়া ১টি মাইক্রোবাস উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের গাড়ির চাবি মালিক আমিনুল ইসলামের নিকট হস্তান্তর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানার সিনেমা হল পাড়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম খোকনের একটি মাইক্রোবাস চুরি হয়ে যায়। শহরতলীর দৌলতদিয়া টেকনিক্যাল স্কুলের সামনে অবস্থিত জাহিদের গ্যারেজের সামনে থেকে গাড়িটি চুরি হয়। অজ্ঞাতনামা চোরেরা রাত ২টা থেকে ৪টার মধ্যে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমিনুল ইসলাম খোকন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ চুরি হওয়া গাড়ি উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল দিবাগত রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাইক্রোবাসটির মালিক আমিনুল ইসলাম খোকনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস চুরির সাথে জড়িত আসামিদের আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।