স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ৬ মাস থেকে ৫ বছর বয়সী কয়েকজন শিশুকে হাম-রুবেলার (এম আর) টিকা প্রদান করা হয়।
সিভিল সার্জন জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে। সরকারি ছুটি ব্যতিত প্রত্যেক দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ সপ্তাহ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে।
টিকাদানের উদ্বোধনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আজ থেকে চুয়াডাঙ্গায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এই রোগটিকে রুখতে প্রত্যেকটি শিশুর এই টিকা দেওয়া প্রয়োজন। আমরা সকলেই জানি বাচ্চাদের হাম-রুবেলের টিকাটি দেওয়া হয়। কিন্তু মাঝখানে করোনাকালীন সময়ের কিছুটা জটিলতা দেখা দিয়েছে। করোনা কালীন সময়ে দেশে হামের টিকা না আসায় এই রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। বর্তমানে আমরা যখন এই টিকাটি পেয়ে গিয়েছি কাউকে আতঙ্কিত না হয়ে সকল শিশুদের টিকাটি দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ হাসপাতালের কর্মরত নার্স, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন চলবে ৩ সপ্তাহ সকাল থেকে বিকাল পর্যন্ত



