দামুড়হুদায় ফ্যান্টাসি পার্কে প্রেমিক-প্রেমিকাকে ব্ল্যাক মেইল৯৯৯-এ ফোন করে রক্ষা, দুই যুবক পুলিশের হাতে পাকড়াও

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার পুড়াপাড়ায় অবস্থিত একটি ফ্যান্টাসি পার্কে ঘুরতে এসে ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন এক প্রেমিক-প্রেমিকা। অপহরণ ও ধর্ষণের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি গত শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে ঘটে। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে থেকে একটি ইজিবাইকসহ চার অভিযুক্তের মধ্যে দুইজনকে আটক করে। এসময় অপর দুইজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- দামুড়হুদা সদর ইউনিয়নের নাপিতখালী গ্রামের নওশাদ আলীর ছেলে শাকিল খান (২০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের চাঁদ বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (১৯)। পলাতকরা হলেন একই এলাকার মাকসুদ (২৬) ও সাব্বির (২০)।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে জীবননগর উপজেলার বুকন্ডিয়া গ্রামের এক দম্পতির কন্যা তাজীন আক্তার শোভা (১৭) ও ঢাকার খিলক্ষেত এলাকার মেহেদী হাসান শুভ (১৬)-এর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে তারা শনিবার ফ্যান্টাসি পার্কে দেখা করতে আসেন।
এ সময় অভিযুক্ত চার যুবক গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে। অপহরণ ও ধর্ষণের ভয় দেখিয়ে প্রথমে তাদের কাছ থেকে দেড় হাজার টাকা আদায় করা হয় এবং আরও ১০ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে তারা জোরপূর্বক প্রেমিকাকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় প্রেমিক কৌশলে জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রেমিকাকে উদ্ধার এবং দুইজনকে আটক করে। এ ঘটনায় প্রেমিকার মা পারভীন আক্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত দুইজনকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।