স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান – প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় ডিসি সাহিত্য মঞ্চে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।’ উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামান। এবারের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের প্রজেক্টগুলো দর্শকদের নজর কাড়ছে।
মেলার অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মেধা যাচাই ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা তাদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদর্শনের সুযোগ পাবে। বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক বিষয়গুলো নিয়ে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিতে অংশগ্রহণ করবে।
উদ্বোধনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, যে সকল শিক্ষার্থীরা এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আমি ভেবেছিলাম আমাদের জেলার শিক্ষার্থীরা হয়তো বিজ্ঞানে ততটা আগ্রহী নয়। তবে আজকে এখানে প্রদর্শনী স্টলে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে আমি খুবই আনন্দিত। আমি দেখলাম বাচ্চারা খুবই আগ্রহী এই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। বিজ্ঞান ছাড়া আমরা আসলেই অচল। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া একটি জাতি এগিয়ে যাওয়া সম্ভব নয়। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বিজ্ঞানের কোন জিনিস যেন আমরা নেতিবাচক ভাবে প্রকাশ না করি। ভালো কাজে বিজ্ঞানকে ব্যবহার করার চেষ্টা করতে হবে।
মেলায় অংশগ্রহণকারী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান জানায়, বিজ্ঞান মেলা আমাদের নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। অলিম্পিয়াডে অংশ নেওয়ার মাধ্যমে আমরা আমাদের মেধা যাচাইয়ের একটি দারুণ প্ল্যাটফর্ম পেয়েছি। আমি এই বিজ্ঞান নিয়ে গবেষণা করে কয়েকবার জাতীয় ও আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছি। এমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সকল শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরো আগ্রহী করবে। আয়োজক কমিটি জানিয়েছে, মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
এসময় অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার শাকিল মোঃ ছাফিউল্লাহ, সহকারী কমিশনার জমির উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।
চুয়াডাঙ্গায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক লুৎফুন নাহার



