জীবননগরে ডিজেলের চাপে দীর্ঘ সারি তেল পাম্পে নতুন দৃশ্য পরিবারকে সহায়তায় তেলের লাইনে নারীরা

জীবননগর অফিস
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় জীবননগরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। এতে পুরুষ সদস্যদের কর্মঘণ্টা নষ্ট হওয়ায় পরিবারের কাজের চাপ ভাগ করে নিতে তেলের লাইনে দাঁড়াচ্ছেন নারীরাও। গতকাল শনিবার উপজেলার সন্তোষপুর এলাকার অংগন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পুরুষদের পাশাপাশি নারীরাও ডিজেল কার্ড ও তেলের পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। অনেকেই জানান, পরিবারের পুরুষ সদস্যদের কাজের চাপ কমাতেই তারা এ দায়িত্ব নিয়েছেন।
আকলিমা খাতুন বলেন, আমার স্বামী তেল নিতে এলে পুরো দিন পাম্পেই কেটে যায়। এতে মাঠের কাজ ব্যাহত হয়। তাই স্বামীকে জমিতে কাজে পাঠিয়ে আমি নিজেই লাইনে দাঁড়িয়েছি।
আসমা খাতুন জানান, আমাদের কৃষিকাজের জন্য পাওয়ার ট্রলি রয়েছে। পুরুষরা তেল আনতে গেলে সেদিন কাজ বন্ধ থাকে। তাই আমিই তেল নিতে এসেছি।
সন্ধ্যা রানী বলেন, আমার বাড়ির একজন অসুস্থ। রোদে দীর্ঘ সময় দাঁড়ালে তার সমস্যা বাড়বে। তাই আমি নিজেই তেল নিতে এসেছি।
অংগন ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হান্নান বলেন, অন্যান্য দিনের তুলনায় পেট্রোলের চাপ কিছুটা কমলেও ডিজেলের জন্য দীর্ঘ লাইন রয়েছে। পুরুষদের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়াচ্ছেন। পাঁচজন পুরুষকে তেল দেওয়ার পর একজন নারীকে তেল দেওয়া হচ্ছে। উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও একই চিত্র দেখা গেছে বলে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।