গাংনীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে রুহুল আমিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের সড়কে তাকে সাপে কামড় দেয়। পরে স্বজনরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুহুল আমিন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের বাসিন্দা এবং আনসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গরম থেকে কিছুটা স্বস্তি পেতে রুহুল আমিন বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। তিনি দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝা ডেকে প্রাথমিক চিকিৎসা নেন। ওঝার দল চিকিৎসা দিয়ে তাকে সুস্থ বলে চলে যায়। তবে রাত প্রায় ২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।