স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রসমুহের সম্পাদক / প্রধান সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এর একটি প্রতিনিধিদল নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহার ও পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় এবং ১ টায় পুলিশ সুপারের সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজেদের পরিচয় পেশ ও শুভেচ্ছা বিনিময় করেন। চুয়াডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে সকলে একসাথে কাজ করতে আগ্রহ পোষণ করেন।
সংগঠনের আহ্বায়ক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন এবং সদস্য সচিব আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচির নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন , দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা এবং আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ।এসময় প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের অতিথি সদস্য হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক লুৎফুন নাহারকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে জেলায় স্বাগত জানান। একই ভাবে জেলা প্রশাসক নিজেও সম্পাদক পরিষদের প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসনসহ স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্থানীয় পত্রিকাসমুহের সংবাদ প্রকাশের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, অনেক দিক দিয়ে পিছিয়ে পড়া জেলা চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে সম্পাদক পরিষদকে পাশে চান। সমস্যা ও সম্ভাবনা নিয়ে বেশি বেশি প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান । একই সাথে জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
অপরদিকে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছানোর পর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সম্পাদক পরিষদের প্রতিনিধিদলকে স্বাগত জানান। সম্পাদক পরিষদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে জেলায় স্বাগত জানানো হয়। এসময় প্রতিনিধিদলের সঙ্গে পুলিশ সুপার চুয়াডাঙ্গাকে ঘিরে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি এসময় বলেন,‘ সব অপরাধের মা মাদক। এই মাদক কঠোরভাবে নিয়ন্ত্রণে আমি পদক্ষেপ গ্রহণ করেছি। আমি নিজ ঘর থেকে অর্থাৎ শুদ্ধি অভিযান শুরু করেছি। পাশাপাশি চিহ্নিত মাদকব্যবসায়ীদেরকে কোনঠাসা করতে আইনের আওতায় আনাসহ প্রয়োজনীয় যা যা করার সবই করা হবে। এজন্য সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই। আমি মনে করি , মাদক নিয়ন্ত্রণ করতে পারলেই অপরাধ অন্তত ৮০ শতাংশ কমে যাবে।’
এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ কার্যালয়ে সম্পাদক পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন , দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা এবং আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল হক ওরফে বিপুল আশরাফ স্থানীয় পত্রিকা টিকিয়ে রাখার বিষয়ে মতামত উপস্থাপন করেন। বিশেষ করে সংবাদপত্র প্রকাশনা চালিয়ে নিতে কাগজ, প্লেচ, কালিসহ প্রয়োজনীয় উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় খরচ নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। ফলে, ১ মে থেকে স্থানীয়ভাবে প্রকাশিত সকল পত্রিকার অভিন্ন মূল্য ৫ টাকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিষদের সকল সদস্য এতে সম্মতি প্রদান করেন। এছাড়া, সম্পাদক পরিষদের কার্যক্রমকে গতিশীল করাসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সম্পাদক পরিষদের সৌজন্য সাক্ষাৎ



