আলমডাঙ্গায় আইসক্রিম কারখানায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় গড়ে ওঠা একটি আইসক্রিম কারখানায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাউসপুর গ্রামে “মুবিন সুপার আইসক্রিম” নামে একটি কারখানা দীর্ঘদিন ধরে একটি বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছে। কারখানার মালিক সোহাগ আলী। প্রতিষ্ঠানটির কোনো বৈধ ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য অনুমোদন, পরিবেশ ছাড়পত্র কিংবা বিএসটিআই অনুমোদন নেই। গরমে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এসব আইসক্রিম কিনে খাচ্ছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পণ্যে মূল্যতালিকাও প্রদর্শন করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
গতকাল সোমবার বিকাল ৩টার দিকে কারখানাটিতে তথ্য সংগ্রহ করতে যান আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম সনজু আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল। এ সময় কারখানার মালিক ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তারা জানান, তাদের মারধর করা হয়, ক্যামেরা ভাঙচুর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনার পর বিষয়টি আলমডাঙ্গা থানায় জানানো হলে পুলিশ লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে একই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছিল। তবে এরপরও কার্যক্রম বন্ধ হয়নি।
ঘটনার পর আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।