মুজিবনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার শরীরে আঘাতের চিহ্ন, মৃত্যু নিয়ে রহাস্য!

মেহেরপুর অফিস
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন (৬০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের খেদের আলীর স্ত্রী। পরিবারের সদস্যদের দাবি, সুফিয়া খাতুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহ রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, যা হত্যার আলামত বহন করে।
নিহতের স্বামী খেদের আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার আপন ভাই আখের আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৫ এপ্রিল প্রতিপক্ষরা দলবল নিয়ে বাড়িতে এসে হামলা ও হত্যার হুমকি দেয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সোমবার দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার শরীরে রক্তের দাগ দেখতে পান। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।