দর্শনায় উইনসেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দর্শনা অফিস
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ২৩ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত ‘উইনসেরেক্স’ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরশু রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দর্শনা থানার বাসস্ট্যান্ডপাড়া ও শ্যামপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তার বকচত্বর মোড়ে অবস্থিত ‘মিলন টি স্টল’ নামের একটি চায়ের দোকানে তল্লাশি চালায়। তল্লাশিকালে দোকানের ফ্রিজের ওপর থেকে ৫ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানের মালিক মো. মিলন হোসেন (৪১) কে আটক করা হয়। তিনি দামুড়হুদা উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের তামালতলাপাড়ার মো. মজিবর রহমানের ছেলে। জব্দকৃত ৫ বোতল মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
একই দিন বিকেল ৫টার দিকে অপর একটি অভিযানে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. আব্দুল মান্নান (৪৬) নামে একজনকে আটক করা হয়। সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি করলে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে ১৮ বোতল (১.৮ লিটার) কোডিন ফসফেটযুক্ত উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। আটক আব্দুল মান্নান দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের প্রথমপাড়ার মৃত চান্দু মাস্টারের ছেলে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বদরুল হাসান ও উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।