আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, দুর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অতিরিক্ত মুঠোফোন ব্যবহার নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজের কোনো বিকল্প নেই।
সভায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি খাইরুল ইসলাম কালিদাসপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ রাস্তার বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
১৩ নম্বর কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আহসান উল হক শাহীন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কালিদাসপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম জুয়েল রানা।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলি, সমাজসেবক মহিউদ্দিন ও জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শুরুর আগে পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চত্বরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। সমাপনী বক্তব্যে চেয়ারম্যান শেখ আশাদুল হক একটি সুন্দর ও সুশৃঙ্খল ইউনিয়ন গঠনে প্রশাসনের এ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
কালিদাসপুর ইউনিয়নে মাদক, বাল্যবিয়ে ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত



