আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলা প্রশাসকের দায়িত্বের পরিধি ব্যাপক। সরকারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের সমন্বয় সাধন এবং সেসব কার্যক্রমের অগ্রগতি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা জেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, রাজস্ব আদায়ের মাধ্যমে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবা প্রদান করে থাকে। তাই অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থাকে সুসংহত করে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও ব্যবহারকারীর সংখ্যা উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের সমর্থন ও পরামর্শ চুয়াডাঙ্গাকে এগিয়ে নিতে বড় শক্তি হয়ে উঠবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছফিউল্লাহ ও সাগর দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ ও সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার



