জীবননগর অফিস
জীবননগর ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবককে কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলার জীবননগর উপজেলা শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত যুবক- মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেন (২২)। এছাড়াও কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৫ জনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে সিফাত হোসেন নামের এক যুবক জীবননগর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। ওই সময় সে পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ সময় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় আটক যুবকের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করন। পরবর্তীতে আদালতের আদেশ অনুযায়ী সোমবার দুপুরে সাজাপ্রাপ্ত যুবককে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া কাগজপত্র না থাকাসহ অন্যান্য অপরাধে ৪ জনকে ৪ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদন্ডের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিরুপ মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন টাকা দিয়ে তেল কিনতে এসে কারাদন্ড প্রদান করা হলো, বিষয়টি খুবই দুঃখজনক।
জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা করায় ১ যুবকের কারাদণ্ড বিভিন্ন অপরাধে ৫ জনকে ৯ হাজার টাকা জরিমানা



