আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হয়ে শনিবার বিকেল ৬টায় শেষ হওয়া এ শিবিরে বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, সংগঠনের কার্যক্রম ‘সংগঠন পদ্ধতি’ ও ‘গঠনতন্ত্র’—এই দুটি গ্রন্থের আলোকে পরিচালিত হয়। দায়িত্বশীলরা যদি গ্রন্থ দুটি গভীরভাবে অধ্যয়ন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, তবে তারা আরও দক্ষ সংগঠকে পরিণত হবেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিসহ সব ধরনের অন্যায় দূর করতে কুরআন-হাদিসের অধ্যয়ন বৃদ্ধি এবং সাংগঠনিক প্রজ্ঞার যথাযথ প্রয়োগ প্রয়োজন। এ সময় তিনি দলের চার দফা কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত



