স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার-এ দিনব্যাপী আয়োজন স্বেচ্ছাসেবক উৎসব ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে এ আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর পরিচিতি পর্বে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের কার্যক্রম, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির সুযোগ তৈরি হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের গেমস ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, যা স্বেচ্ছাসেবীদের মধ্যে উৎসাহ ও দলগত কাজের মনোভাব সৃষ্টি করে। পাশাপাশি আয়োজন করা হয় ট্রেজার হান্ট, যেখানে দলগত সমন্বয় ও বুদ্ধিমত্তার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ পর্ব। দিন শেষে জেলার বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল স্বেচ্ছাসেবীদের তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জেলার স্বেচ্ছাসেবীদের একত্রিত করা, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সম্মিলিতভাবে কাজের অনুপ্রেরণা তৈরি করা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত



